নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি নেতার বাড়িঘরে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। তবে, বিএনপি নেতার দাবি, কেন্দ্রের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। এতে করে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহবায়ক অ্যাডভোকেট গোলজার হোসেন অভিযোগ করে জানান, কেন্দ্রের পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে শুক্রবার (২ নভেম্বর) সকালে জ্বালানি মূল্যে বৃদ্ধিসহ দ্রব্যে মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কায়েতপাড়ায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা করার কথা ছিল।
ওই শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ সভা বানচাল করার জন্যই বৃহস্পতিবার বিকালে স্থানীয় আওয়ামী লীগের লোকজন লাঠিসোটা নিয়ে গোলজার হোসেনের নগড়পাড়ার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ ঘটনার পর থেকে পরিবারের লোকজন চরম আতঙ্কে রয়েছে বলেও জানান গোলজার হোসেন।
তবে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান জাহেদ আলী বলেন, বিএনপি কয়েকভাবে বিভক্ত। হয়তো অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে তাদের নিজেদের মধ্যে লেগে ঘটনাটি ঘটেছে। এ ধরনের ঘটনা আমাদের জানা নেই।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপির আহবায়ক মাহাফুজুর রহমান হুমায়ুন বলেন, আওয়ামী লীগ একের পর এক হামলা মামলার ঘটনা ঘটিয়ে বিএনপিকে দমাতে পারবে না।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের ঘটনার ব্যাপার তার জানা নেই। এছাড়া কেউ লিখিতভাবে অভিযোগও করেনি।